​শাল্লায় সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজারে সরকারি লিজের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ, অবশেষে গুঁড়িয়ে দিল প্রশাসন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত May 21, 2026
​শাল্লায় সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজারে সরকারি লিজের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ, অবশেষে গুঁড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজারে সরকারি নিষেধাজ্ঞা ও ‘লাল নিশান’ অমান্য করে নির্মাণাধীন একটি পাকা ভবন গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ (২০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে ভবনটির ছাদসহ পুরো একতলা স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চব্বিশা গ্রামের সাদিকুর রহমান সরকারি জায়গায় (বাজার বন্দোবস্ত ভিটিতে) অবৈধভাবে স্থায়ী পাকা ভবন নির্মাণ শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস কাজ বন্ধের নির্দেশ দেন এবং সেখানে ‘লাল নিশান’ টাঙিয়ে দেন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সাদিকুর গোপনে কাজ চালিয়ে যান এবং সম্প্রতি ছাদ ঢালাই সম্পন্ন করেন।

​আজ সরকারি আদেশ অমান্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।