হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোজ সরকার খোকন ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু দাসের যৌথ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনাদি তালুকদার ও পল্লবী রাণী চৌধুরীর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক এবং গীতা পাঠ করেন ধনিপ্রসন্ন চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আবদুল আউয়াল। বক্তারা শিক্ষার মান উন্নয়নে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নবীন শিক্ষকদের নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও মানপত্র তুলে দেওয়া হয়। একই সাথে নবীন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং প্রয়াত শিক্ষকদের স্মরণে তাঁদের সহধর্মিণীদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ধামাইল গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উভয় সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।