স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে বোরো ধান কাটা উৎসব ও বাংলা নববর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছায়ার হাওরের ‘পুটিয়ার বন্দে’ কৃষক আজিজ মিয়ার জমিতে ধান কাটার মধ্য দিয়ে এ উৎসবের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, এ বছর উপজেলায় ২১,৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পেকে গেলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন তারা। শ্রমিক সংকট নিরসনে উত্তরাঞ্চল থেকে শ্রমিক আনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, শাল্লার এই উৎপাদন জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
একই দিনে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ সামাজিক সংগঠনের প্রমূখ প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। ধান কাটা উৎসব ও নববর্ষের আনন্দ মিলেমিশে হাওরাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।