• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগ শত্রু নয়, একসাথে মুক্তিযুদ্ধ করেছি’: শাল্লায় নাছির চৌধুরী

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
আওয়ামীলীগ শত্রু নয়, একসাথে মুক্তিযুদ্ধ করেছি’: শাল্লায় নাছির চৌধুরী

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নির্বাচনী লড়াইয়ের শেষ প্রহরে এসে এক অভূতপূর্ব জনজোয়ারের সাক্ষী হলো শাল্লা উপজেলা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এক অনন্য সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমরা একই সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি।” তিনি আরও বলেন, “হিন্দু-মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন আমাদের এই জনপদের ঐতিহ্য। আমি আমৃত্যু এই সম্প্রীতি অটুট রাখতে চাই।”
​রাজনীতির শেষ প্রান্তে দাঁড়িয়ে অবহেলিত এই হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, “আপনাদের সেবা করার শেষ ইচ্ছা নিয়ে আজ হাজির হয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন শাল্লা-দিরাই গড়তে আপনাদের সহযোগিতা চাই।”
​সোমবার দুপুর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে স্কুল মাঠে জড়ো হন হাজার হাজার ভোটার ও সমর্থক। এতে মাঠ ছাড়িয়ে মানুষের ভিড় পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে।
​শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি, কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ড. মাওলানা ওয়ায়েব আহমদ, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ ও নাছির চৌধুরীর সহধর্মিণী মোছাম্মৎ পারভিন চৌধুরী প্রমুখ।
​বক্তারা বলেন, এলাকার শান্তি ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।