স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ বাহাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার বাহাড়া (উত্তরপাড়া) এলাকা থেকে তাঁদের আটক করে শাল্লা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাহাড়া ইউনিয়নের ইউপি সদস্য দেবব্রত তালুকদার (৩৪) এবং তাঁর সহযোগী জীবেশ দাশ (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে এসআই মো. ইমাম আরেফিনের নেতৃত্বে বাহাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের কন্টেইনারে রাখা মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।