• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে নেতাকর্মীদের ঢল : ফুলেল শুভেচ্ছায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
দিরাইয়ে নেতাকর্মীদের ঢল : ফুলেল শুভেচ্ছায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর দিরাইস্থ বাসভবনে আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্বাচনের পর প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে সকাল থেকেই দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসভবনে জড়ো হতে থাকেন।
​এ সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল ও সৌজন্য বিনিময় করেন। উপস্থিত জনতা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং বিজয়ের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের বসার ও আপ্যায়নের জন্য বাসভবন প্রাঙ্গণে বড় শামিয়ানা টাঙিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
​সাক্ষাৎকালে নাছির উদ্দিন চৌধুরী এলাকার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি দিরাই-শাল্লার আপামর জনগণের বিজয়।” তিনি আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।