স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিশির মনিরকে পরাজিত করেছেন।
ফলাফল বিশ্লেষণ:
দিরাই ও শাল্লা—এই দুই উপজেলা মিলিয়ে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নাছির উদ্দিন চৌধুরী মোট ভোট পেয়েছেন ৯৭,৭৯০টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শিশির মনির (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৭,৮৫৮ ভোট। সামগ্রিকভাবে ৩৯,৯৩২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে জনরায়ের প্রতিফলন ঘটিয়েছেন নাছির চৌধুরী।
শাল্লা উপজেলার চিত্র:
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ‘বার্তা প্রেরণ শিট’ ও ‘ফরম-৬’ অনুযায়ী, শাল্লা উপজেলার মোট ৩৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শুধুমাত্র শাল্লাতেই নাছির চৌধুরী পেয়েছেন ৩১,০৮৫ ভোট এবং শিশির মনির পেয়েছেন ২১,৭২১ ভোট। এছাড়া বাম জোটের প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে) পেয়েছেন ৫৯৯ ভোট। শাল্লায় ভোট প্রদানের হার ছিল ৫৬.১০%। মোট ৯৭,৩৪৮ জন ভোটারের মধ্যে ৫৪,৬৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১,২২৬টি ভোট বাতিল হয়।
রিটার্নিং অফিসারের বক্তব্য:
ফলাফল ঘোষণা শেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পিয়াস চন্দ্র দাস সন্তোষ প্রকাশ করে বলেন, “সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ এবং সাংবাদিকদের সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি।”
অনন্য রাজনৈতিক শিষ্টাচার:
এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য নজির স্থাপন করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রাত ৮টা ১২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নাছির চৌধুরীকে শুভেচ্ছা জানান। স্থানীয় সচেতন মহল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই তাৎক্ষণিক অভিনন্দন ও গণতান্ত্রিক মানসিকতাকে রাজনীতিতে এক ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই দিরাই ও শাল্লার বিভিন্ন প্রান্তে নাছির চৌধুরীর কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত আনন্দ-মিছিল ও উল্লাস করতে দেখা গেছে।